Hits: 0
নিজস্ব প্রতিনিধি:
হুগলির চন্ডীতলা থানার অন্তর্গত আউসবালি এলাকায় গত ২৪ জুলাই ঘটে যাওয়া মর্মান্তিক পথ দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ওই দুর্ঘটনায় লালু নামে এক মোটরবাইক আরোহীর মৃত্যু হয়।
ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, সন্ধ্যা প্রায় ৬টা ১৮ মিনিট নাগাদ রাস্তার ধারের একটি মিষ্টির দোকান থেকে বেরিয়ে এক ব্যক্তি মোটরবাইক নিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। ঠিক সেই সময় শিয়াখালার দিক থেকে ডানকুনির উদ্দেশে আসা একটি সুইফট ডিজায়ার গাড়ি দ্রুতগতিতে এসে বাইকটিকে সজোরে ধাক্কা মারে।

ধাক্কার অভিঘাতে বাইক আরোহী প্রায় ৩০০ ফুট দূরে ছিটকে পড়েন। বাইকটি গাড়ির সঙ্গে আটকে কিছুটা দূর পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার পর স্থানীয়দের খবর পেয়ে চন্ডীতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় জড়িত সুইফট ডিজায়ার গাড়িটিকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে চন্ডীতলা থানার পুলিশ।

