Hits: 1
১লা আগষ্ট থেকে মিড ডে মিলে ইসকনের খাবারের পাশাপাশি মিলবে ডিম, গুরু পূর্ণিমায় সাংবাদিক বৈঠকে বড়ো ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
রাখী সাহা
রাজ্যের স্কুলগুলির মিড-ডে মিল নিয়ে দীর্ঘদিনের বিতর্কের মাঝেই বড় ঘোষণা করল রাজ্য সরকার। আগামী ১ আগস্ট থেকে ইসকনের প্রস্তুত করা পুষ্টিকর নিরামিষ খাবারের পাশাপাশি ছাত্রছাত্রীদের আলাদাভাবে ডিম দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, ছাত্রছাত্রীদের পুষ্টির বিষয়টি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী জানান, প্রথম পর্যায়ে পাইলট প্রকল্প হিসেবে কলকাতার বিস্তীর্ণ এলাকার সরকারি ও সরকার-পোষিত স্কুলে ইসকনের মাধ্যমে সাত্ত্বিক ও উচ্চ প্রোটিনসমৃদ্ধ নিরামিষ খাবার পরিবেশন করা হবে। একই সঙ্গে ছাত্রছাত্রীদের জন্য আলাদাভাবে ডিমও দেওয়া হবে। প্রকল্পটি সফল হলে পরবর্তী সময়ে জেলার স্কুলগুলিতেও এই ব্যবস্থা চালু করা হবে।
উল্লেখ্য, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর স্কুলের মিড-ডে মিল ইসকনের মাধ্যমে পরিবেশনের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছিল। সেই সিদ্ধান্তকে কেন্দ্র করে বিভিন্ন মহলে বিতর্কের সৃষ্টি হয়। সমালোচকদের একাংশের দাবি ছিল, মিড-ডে মিলে ডিম থাকলে তা যেমন ছাত্রছাত্রীদের কাছে জনপ্রিয়, তেমনি পুষ্টির চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নিরামিষ খাবারের পাশাপাশি ডিম রাখার দাবিও জোরালো হয়ে ওঠে।

এই আবহেই গুরু পূর্ণিমার দিন মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সরকারের দাবি, ছাত্রছাত্রীদের সুষম পুষ্টি নিশ্চিত করতেই ইসকনের পুষ্টিকর নিরামিষ খাবারের পাশাপাশি ডিম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১ আগস্ট থেকে এই নতুন ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে।

follow us : facebook /youtube/website
